এস এম মেহেদী হাসান, দিঘলিয়া।।
খুলনার দিঘলিয়া উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে চিরুনি অভিযান শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকে ঘিরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, সন্দেহভাজন এলাকা ও মাদকপ্রবণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষকে অপরাধসংক্রান্ত তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়মিত ও জোরদার হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দিঘলিয়াকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।