এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রহ্মগতি গ্রামের বাসিন্দা মৃত শেখ আবু বক্কার এর পুত্র আলম শেখ -এর মাছের পুকুরে শত্রুতামূলকভাবে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট প্রয়োগের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আলম জানান, গত ২৩ তারিখ গভীর রাতে কে বা কারা তার ২০ শতাংশ আয়তনের মাছের পুকুরে বিষাক্ত কীটনাশক ট্যাবলেট নিক্ষেপ করে। পরদিন সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন, বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠেছে। পরে নিশ্চিত হওয়া যায়, পুকুরে থাকা আনুমানিক ১০ মণ মাছ মারা গেছে।
তিনি দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা মাছের খামার এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তার ক্ষতির যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।